• ঢাকা
  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম


নিউজ ডেস্ক নভেম্বর ২৭, ২০২৬, ০৮:৪২ এএম
অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এই নেতা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব দাবি জানান নাহিদ ইসলাম।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য এদেশের আঠারো কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতার শামিল।’

নাহিদ বলেন, ‘আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি, অর্জুন সিংকে অনতিবিলম্বে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’

এনসিপির আহ্বায়কের ভাষ্য, ‘দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য প্রদানের ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ভারত সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে আমাদের সন্দেহ আরও জোরালো করেছে।’

স্ট্যাটাসে নাহিদ আরও বলেন, ‘অর্জুন সিংয়ের এমন উদ্ভট ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ পরিলক্ষিত হয়নি। সরকারের এই নির্লিপ্ততা আমাদের স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত লজ্জার।’

‘এদেশের মানুষের অদম্য সাহস ও লড়াইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস অর্জুন সিংদের অজানা। বিগত ফ্যাসিবাদী শাসনামলে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে ভারত যে একতরফা সুবিধা ভোগ করেছে, সেই দিন আর কখনোই ফিরে আসবে না। ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজ ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।’

স্ট্যাটাসের শেষে নাহিদ মনে করিয়ে দেন, ‘ভারতের মনে রাখা উচিত, ভারতের সার্বভৌমত্ব ও অখন্ডতাও বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে, প্রক্সি শক্তির মাধ্যমে এদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা খোদ ভারতের অখণ্ডতাকেই বিপন্ন করতে পারে। এদেশের জনগণ ভারত রাষ্ট্রের বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সদা জাগ্রত ও প্রস্তুত।’

এম

Link copied!