• ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পেলে-ম্যারাডোনার চেয়েও অনন্য বিশ্বরেকর্ডের পথে মেসি


সোনালী ডেস্ক জুন ১০, ২০২৬, ০৪:০০ পিএম
পেলে-ম্যারাডোনার চেয়েও অনন্য বিশ্বরেকর্ডের পথে মেসি

ছবি: সংগৃহীত

আরেকটি ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে বিশ্ববাসীকে। আগামীকাল পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞের। ইতিহাসের সবচেয়ে বড় এই আয়োজনে এবারই প্রথম অংশ নিচ্ছে ৪৮টি দেশ। তবে মাঠের লড়াই শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে পুরো ফুটবল বিশ্বের স্পটলাইট কেড়ে নিয়েছেন একজনই-লিওনেল মেসি। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে এই আর্জেন্টাইন জাদুকর এখন দাঁড়িয়ে আছেন এমন কিছু বিশ্বরেকর্ডের সামনে, যা তাঁকে নিয়ে যেতে পারে পেলে-ম্যারাডোনার চেয়েও অনন্য এক উচ্চতায়।

বিশ্বকাপের মঞ্চে গোল করা এবং করানো-দুই বিভাগেই মেসির পায়ের জাদু ফুটবলপ্রেমীদের চেনা। এবার সেই চেনা আঙিনাতেই পেলের এক ঐতিহাসিক রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ তাঁর সামনে। বিশ্বকাপে সতীর্থদের দিয়ে সবচেয়ে বেশি গোল করানোর বা অ্যাসিস্টের তালিকায় ১০টি অ্যাসিস্ট নিয়ে সবার উপরে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। আর ৮টি অ্যাসিস্ট নিয়ে ডিয়েগো ম্যারাডোনার সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন মেসি। এই বিশ্বকাপে আর মাত্র দুটি অ্যাসিস্ট করতে পারলেই পেলেকে ছাড়িয়ে অ্যাসিস্টের রাজমুকুট মাথায় পরবেন তিনি।

শুধু গোল করানোই নয়, গোলদাতাদের তালিকাতেও মেসি তরতরিয়ে এগিয়ে চলেছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩টি গোল করে তিনি যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের জাস্ট ফন্টেইনের সাথে। এই তালিকায় ১৬ গোল নিয়ে সবার শীর্ষে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার এই কীর্তি ছুঁতে মেসির প্রয়োজন আর মাত্র ৩টি গোল। ক্লোসার ঠিক পরেই ১৫ গোল নিয়ে আছেন ব্রাজিলের রোনালদো নাজারিও এবং ১৪ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন পশ্চিম জার্মানির কিংবদন্তি গার্ড মুলার। গত কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নিজের গোলসংখ্যা তেরোতে নিয়ে আসা মেসি যে এবার ক্লোসাকেও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নামবেন, তা বলাই বাহুল্য।

রেকর্ডের এই খতিয়ানে যোগ হতে যাচ্ছে আরও একটি আবেগময় অধ্যায়। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মাঠে নামার সাথে সাথেই জাতীয় দলের জার্সিতে ২০০ ম্যাচ খেলার অনন্য এক মাইলফলক স্পর্শ করবেন মেসি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে আর কোনো ফুটবলারের এই কীর্তি নেই। ২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৯ ম্যাচ খেলে তিনি ইতিমধ্যেই সবার উপরে আছেন এবং আলবিসেলেস্তেদের হয়ে সর্বোচ্চ ১১৭টি গোলের মালিকও তিনি নিজে।

বয়স যে কেবলই একটা সংখ্যা, তা ৩৮ বছর বয়সে এসেও প্রতি মুহূর্তে প্রমাণ করছেন এলএমটেন। বিশ্বকাপের ঠিক আগের প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে গোল করে সবচেয়ে বেশি বয়সে গোল করার এক নতুন নজির গড়েছেন তিনি। গোলটি করার সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৭ দিন, যার মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি আনহেল আমাদেও লাব্রুনাকে।

পায়ের জাদুতে বিশ্বকে বুদ করে রাখা এই মহাতারকা এবার আরও একবার মাঠে নামছেন নিজের চেনা ছন্দে। ফুটবল রোমান্টিকদের চোখ এখন শুধুই লিওনেল মেসির দিকে। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও তিনি ফুটবলকে আর কী কী উপহার দেন, সেই অপেক্ষাতেই প্রহর গুনছে পুরো ক্রীড়াবিশ্ব।

এসএইচ 

Link copied!