• ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জার্মানিকে হারানোর রহস্য ফাঁস, কলকাঠি নাড়া কে এই আর্জেন্টাইন?


ক্রীড়া ডেস্ক জুন ২৬, ২০২৬, ১২:২৩ পিএম
জার্মানিকে হারানোর রহস্য ফাঁস, কলকাঠি নাড়া কে এই আর্জেন্টাইন?

ছবি: সংগৃহীত

নিউ জার্সির মাঠের শেষ বাঁশিটা বাজতেই যেন বাঁধ ভাঙল ইকুয়েডর শিবিরের। স্টেডিয়ামের লোহার ব্যারিকেড টপকে গ্যালারিতে থাকা পরিবারের কাছে ছুটে গেলেন কোচ সেবাস্তিয়ান বেকাচ্চেচে। বিশ্বমঞ্চে ফুটবল পরাশক্তি জার্মানিকে হারানোর পর আর্জেন্টাইন এই কোচের চোখে তখন আনন্দের অশ্রু। কারণ কয়েক মিনিট আগেও ম্যাচটি হতে পারত ইকুয়েডরের ডাগআউটে তাঁর শেষ মুহূর্ত।

টুর্নামেন্টের শুরুটা একেবারেই ভালো ছিল না ইকুয়েডরের। আইভরি কোস্টের কাছে হারের পর পুঁচকে কুরাসাওর সঙ্গে গোলশূন্য ড্রয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ৪৫ বছর বয়সী এই কোচ। এমনকি তাঁর পরিবারের সঙ্গে সমর্থকদের বিবাদের খবরও ছড়ায়। ম্যাচ শুরুর আগেই বেকাচ্চেচে ঘোষণা দিয়েছিলেন, নকআউটে উঠতে না পারলে তিনি নিজেই পদ ছেড়ে দেবেন।

খেলোয়াড়রা তাঁদের গুরুর মান রেখেছেন। মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে জার্মানিকে স্তব্ধ করে দিয়েছে ল্যাটিন আমেরিকার এই প্রতিনিধিরা। সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালান শিয়ারার এই জয়কে বেকাচ্চেচের প্রাপ্য উল্লেখ করে বলেন, চাকরি টিকিয়ে রাখার এই বাঁচা-মরার লড়াইয়ে পুরো দল সর্বোচ্চ ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছে এবং জিতেছে।

খেলোয়াড় হিসেবে খুব একটা পরিচিত না হলেও কোচ হিসেবে বেকাচ্চেচের রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। একসময় হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে চিলির হয়ে কোপা আমেরিকা জয় এবং ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার ডাগআউটে ছিলেন তিনি। ইকুয়েডরের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হারলেও এরপর টানা ১১ ম্যাচ অপরাজিত রেখে দলকে বিশ্বকাপে তুলেছিলেন। জার্মানিকে হারিয়ে তিনি আবারও প্রমাণ করলেন, কেন এখনো ইকুয়েডর ফুটবলকে তাঁর অনেক কিছু দেওয়ার বাকি আছে।

এসএইচ 
 

Link copied!