• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মেসি-এমিকে নিয়ে আর্জেন্টিনা নতুন ছক, থাকছে বড় পরিবর্তন


ক্রীড়া ডেস্ক জুন ২৫, ২০২৬, ০৯:২৯ পিএম
মেসি-এমিকে নিয়ে আর্জেন্টিনা নতুন ছক, থাকছে বড় পরিবর্তন

ছবি: সংগৃহীত

গ্রুপসেরা হয়ে আর্জেন্টিনা ইতিমধ্যেই নকআউট পর্বের টিকিট কেটে ফেলেছে। ফলে আগামী রবিবার জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য স্রেফ নিয়মরক্ষার। আর এমন এক সমীকরণের ম্যাচে শুরুর একাদশে বড়সড় ওলটপালটের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে দলের দুই প্রাণভোমরা লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে সতর্কতার সঙ্গে নতুন ছক কষছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের জোরালো গুঞ্জন, নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে মহাতারকা লিওনেল মেসিকে বাড়তি চাপ থেকে দূরে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে জর্ডানের বিপক্ষে ম্যাচে তাঁর মাঠে নামাটা প্রায় নিশ্চিত। ধাপে ধাপে ফিটনেস ধরে রাখার পরিকল্পনায় মেসিকে হয়তো পুরো ম্যাচ খেলানো হবে না। তিনি কি শুরুর একাদশে থাকবেন নাকি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবেন—সেই সিদ্ধান্ত ম্যাচ শুরুর আগেই নেবেন স্কালোনি। চলমান বিশ্বকাপে ৫ গোল করে ইতিমধ্যেই গোল্ডেন বুটের রেসে সবার ওপরে আছেন এই কিংবদন্তি।

মেসির পাশাপাশি দলের অতন্দ্র প্রহরী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়েও কোনো ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ। সম্প্রতি ডান হাতের অনামিকায় চোট পেয়েছিলেন এই ‘বাজপাখি’। অবশ্য চোট কাটিয়ে জর্ডানের বিপক্ষে গ্লাভস হাতে মাঠে নামার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন এমি। শেষ পর্যন্ত স্কালোনি তাঁকে সবুজ সংকেত দেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে নিয়মিত একাদশের একঝাঁক তারকাকে বিশ্রামে দেখা যেতে পারে। অস্ট্রিয়া ম্যাচে হালকা চোটের কারণে বাইরে থাকা গঞ্জালো মন্তিয়েল ফিরতে পারেন রক্ষণভাগে। নিকোলাস ওতামেন্দির সঙ্গে সেন্টার ব্যাকে জুটি বাঁধতে পারেন মার্কোস সেনেসি কিংবা ফাকুন্দো মেদিনা। আর বাঁ প্রান্ত সামলানোর দায়িত্বে থাকবেন নিকোলাস তালিয়াফিকো।

মাঝমাঠ এবং আক্রমণভাগেও বড় পরিবর্তনের হাওয়া লাগতে যাচ্ছে। বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচের কৌশলকে মাথায় রেখে সাজানো হতে পারে রবিবারের একাদশ। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে জুটি বাঁধবেন এজেকিয়েল পালাসিওস অথবা ভ্যালেন্তিন বারকো। উইংয়ে গতি বাড়াতে সুযোগ পেতে পারেন জুলিয়ানো সিমিওনে ও জিওভানি লো সেলসো।

আক্রমণে লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। পরিস্থিতি বিবেচনায় ম্যাচের যেকোনো মুহূর্তে সুযোগ মিলতে পারে হোসে লোপেজেরও। আর যদি মেসিকে শুরুর একাদশে না রাখা হয়, তবে মাঠে তাঁর চেনা ভূমিকা ও সৃজনশীলতা সামলানোর গুরুদায়িত্ব পড়তে পারে তরুণ তুর্কি নিকোলাস পাজের কাঁধে।

এসএইচ 

Link copied!