• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আর্জেন্টিনা দলে আসছে ৭ পরিবর্তন! জানা গেল সম্ভাব্য একাদশ


ক্রীড়া ডেস্ক জুন ২৫, ২০২৬, ১০:২৬ পিএম
আর্জেন্টিনা দলে আসছে ৭ পরিবর্তন! জানা গেল সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনার ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত হয়েছে আগেই। একই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি বিশ্বচ্যাম্পিয়নদের জন্য তাই শুধুই নিয়মরক্ষার। আগামী রোববার (২৮ জুন) সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। 

ম্যাচটি আনুষ্ঠানিকতার হওয়ায় কোচ লিওনেল স্কালোনি মূল একাদশে পরিবর্তন আনতে পারেন। এই সুযোগে দলে থাকা বিশ্বকাপে এখনো অভিষেক না হওয়া কয়েকজন খেলোয়াড় মাঠে নামার সুযোগ পেতে পারেন।

গোলরক্ষক পজিশনে যদি এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দেওয়া হয়, তাহলে তার বিকল্প দুই গোলরক্ষকের যেকোনো একজনের বিশ্বকাপ অভিষেক হবে। জেরোনিমো রুল্লি ২০২২ কাতার বিশ্বকাপে দলে থাকলেও এক মিনিটও খেলার সুযোগ পাননি, কারণ পুরো টুর্নামেন্টে মার্তিনেজই গোলপোস্ট সামলেছিলেন। অন্যদিকে হুয়ান মুসো ২০২১ কোপা আমেরিকা ও ফাইনালিসিমা জয়ী হলেও আগের বিশ্বকাপে দলে ছিলেন না। তাই এটি হবে তার প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা।

রক্ষণভাগে চোটের কারণে জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন না ক্রিস্তিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর সমস্যায় মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ডিফেন্সে নিকোলাস ওতামেন্দির জায়গা নিশ্চিত থাকলেও স্কালোনি চাইলে অন্য জায়গাতেও পরিবর্তন আনতে পারেন। সেক্ষেত্রে দলে নতুন আসা মার্কোস সেনেসি বিশ্বকাপে অভিষেকের সুযোগ পেতে পারেন।

মাঝমাঠেও রয়েছে দুই সম্ভাব্য অভিষিক্ত খেলোয়াড়। তাদের একজন জিওভানি লো সেলসো। তিনি স্কালোনির আমলে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সদস্য। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফাইনালিসিমা জয়ী এই মিডফিল্ডার চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি।

অন্যদিকে ভ্যালেন্তিন বারকো সাম্প্রতিক সময়ে নজর কেড়েছেন। রেসিং স্ট্রাসবুর্গে দুর্দান্ত মৌসুমের পর তিনি চেলসিতে যোগ দেন এবং মার্চের প্রীতি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করে বিশ্বকাপ দলে জায়গা করে নেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। জর্ডানের বিপক্ষে তার বিশ্বকাপ অভিষেকের সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনার নতুন প্রজন্মের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন জুলিয়ানো সিমিওনে ও হোসে ম্যানুয়েল লোপেজও। অ্যাথলেতিকো মাদ্রিদের সিমিওনে বেশি সময় খেললেও এখনো বিশ্বকাপে নামা হয়নি তার। তবে জর্ডানের বিপক্ষে জুলিয়ান আলভারেজের শুরুর একাদশে থাকার সম্ভাবনা থাকায় তার সুযোগ পাওয়া কিছুটা কঠিন হতে পারে।

এদিকে ফাকুন্দো মেদিনা, নিকোলাস গঞ্জালেস ও নিকোলাস পাস; এই তিন খেলোয়াড়ও টুর্নামেন্টের শুরুতে বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় ছিলেন। তবে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তারা মাঠে নেমে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন।

২০২২ কাতার বিশ্বকাপেও এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা তখনো আনুষ্ঠানিকভাবে পরবর্তী ধাপ নিশ্চিত না করলেও ম্যাচের নিয়ন্ত্রণে থাকায় স্কালোনি জুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদাকে খেলার সুযোগ দিয়েছিলেন। তারা ওই ম্যাচেই একমাত্র বিশ্বকাপ ম্যাচ খেলেছিলেন।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ/জেরোনিমো রুল্লি;
গনসালো মন্টিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো;
এক্সেকিয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, ভ্যালেন্তিন বারকো;
লিওনেল মেসি/নিকোলাস পাস, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস।

তথ্যসূত্র: আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস

Link copied!