• ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিশু ইয়ামালকে কোলে নেওয়া সেই ছবি নিয়ে যা বললেন মেসি


স্পোর্টস ডেস্ক জুলাই ১৯, ২০২৬, ১১:৫১ এএম
শিশু ইয়ামালকে কোলে নেওয়া সেই ছবি নিয়ে যা বললেন মেসি

ফাইল ছবি

ঢাকা: আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ২০০৭ সালে শিশু লামিন ইয়ামালকে কোলে নেওয়ার সেই ছবির পর আজ বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে মাঠে নামার ঘটনা ‘অবিশ্বাস্য’। স্পেনের বিপক্ষে রোববারের ফাইনালের আগে পুরোনো সেই ছবি আবারও আলোচনায় এসেছে।

২০০৭ সালে বার্সেলোনার এক দাতব্য আলোকচিত্র আয়োজনের লটারিতে জয়ী হয়েছিলেন ইয়ামালের বাবা–মা। তখন ২০ বছর বয়সী মেসি পাঁচ মাসের শিশু ইয়ামালকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন।

নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে মার্কিন ফুটবল কিংবদন্তি টম ব্র্যাডি ওই ছবিকে ‘ভবিষ্যতের ইঙ্গিতবাহী’ বলে উল্লেখ করলে মেসি বলেন, ‘ছবিটি অবিশ্বাস্য। এখন আমরা দুজনই বিশ্বকাপে খেলছি—এটা সত্যিই অবাক করার মতো।

১৫ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক হয় ইয়ামালের। পরে তিনি মেসির ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিও পান। স্পেনকে ২০২৪ সালের ইউরোপ সেরা করার পর এখন ১৯ বছর বয়সী এই তারকার সামনে বিশ্বকাপ জয়ের সুযোগও এসেছে।

প্রতিপক্ষ হলেও ইয়ামালের প্রশংসা করতে ভোলেননি মেসি। তিনি বলেন, ‘এ মুহূর্তে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার সাফল্য বার্সেলোনারও সাফল্য।’

তবে ফাইনালে তাকে থামানোর লক্ষ্যও স্পষ্ট করে দেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি বলেন, ‘আমরা চেষ্টা করব যেন সে নিজের সেরাটা খেলতে না পারে। তবে স্পেন শুধু ইয়ামালকে নিয়েই নয়, তারা দুর্দান্ত একটি দল। সে অসাধারণ খেলোয়াড়, বিশ্বতারকা। তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। আমি তার সাফল্য কামনা করি, কিন্তু এবার যেন সে চ্যাম্পিয়ন হতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

শুক্রবার নিউইয়র্কে আয়োজিত ভক্তদের এক অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো এবং স্পেনের অধিনায়ক রদ্রি।

অনুষ্ঠান শেষে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে আলিঙ্গন করেন। স্কালোনি স্পেনে পেশাদার কোচিং সনদ অর্জনের সময় লুইস দে লা ফুয়েন্তে তার প্রশিক্ষকদের একজন ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ইংল্যান্ড তারকা রিও ফার্দিনান্দ ও অভিনেতা কেভিন হার্ট। প্রশ্নোত্তর পর্বে টম ব্র্যাডির পাশাপাশি অংশ নেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ ও বাস্কেটবল তারকা কেভিন ডুরান্ট। অনুষ্ঠানে ব্র্যাডি ও লোগান পলের মধ্যে বাকবিতণ্ডাও হয়।

এসআই

Link copied!