• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে পারলো না, র‌্যাঙ্কিংয়ে মরক্কোরও নিচে নেমে গেল ব্রাজিল


স্পোর্টস ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৯:৪০ পিএম
অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে পারলো না, র‌্যাঙ্কিংয়ে মরক্কোরও নিচে নেমে গেল ব্রাজিল

শুরু হয়ে গেছে ফিফার নতুন উইন্ডো। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেছে ব্রাজিল। কিন্তু শুরুতেই ধাক্কা খেল তারা। তার প্রভাব পড়ল ফিফা র‌্যাঙ্কিংয়ে।

শুক্রবার কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ব্রাজিল খেলতে নেমেছিল র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থেকে। কিন্তু ম্যাচটি জিততে না পারার কারণে তারা এক ধাপ নেমে গেছে। মরক্কো উঠে গেছে পাঁচে। ষষ্ঠ স্থানে থেকে ব্রাজিল র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার লক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর সকারুদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে।
 
ব্রাজিল ও অস্ট্রেলিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এস্তেভাও গোল করলেও ভিএআর’র সিদ্ধান্তে হতাশ হয় ব্রাজিল শিবির। দ্বিতীয়ার্ধে নেস্তোরি ইরানকুন্দার দুর্দান্ত গোলে অস্ট্রেলিয়া এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল, ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়েই ছাড়বে স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে রায়ান গোল করে ম্যাচে সমতা ফেরান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হারতেও বেঁচে গেছে সেলেসাওরা।

টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। ২০তম মিনিটে অস্ট্রেলিয়ার জ্যাকসন আরভিন হলুদ কার্ড দেখেন।

বিরতির ঠিক আগে নাটকীয় মুহূর্তের জন্ম দেয় ব্রাজিল। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে এস্তেভাও বল জালে পাঠান। ব্রাজিলিয়ানরা গোল উদ্‌যাপন শুরু করলেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করে দেন রেফারি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ব্রাজিল ৬৫ শতাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালালেও অস্ট্রেলিয়ার রক্ষণ ও গোলরক্ষক প্যাট্রিক বিচকে পরাস্ত করতে পারছিল না। উল্টো ম্যাচের ৬৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন নেস্তোরি ইরানকুন্দা। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

গোল হজমের পর ব্রাজিল আক্রমণের গতি আরও বাড়ায়। কার্লো আনচেলত্তি একের পর এক পরিবর্তন এনে আক্রমণভাগকে আরও শক্তিশালী করেন। ৬২তম মিনিটে ব্রুনো গিমারেসের জায়গায় মাঠে নামেন ডগলাস লুইজ। এরপর ৬৫তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ও এন্দ্রিককে তুলে স্যামুয়েল লিনো ও পেদ্রোকে মাঠে নামানো হয়। অস্ট্রেলিয়ার গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায়নি ব্রাজিল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে সেই অপেক্ষার অবসান ঘটে। রায়ানের গোলে সমতায় ফেরে ব্রাজিল।

এম

Link copied!