হামের উপসর্গে সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

  • সিলেট প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:২৩ পিএম
ছবি : প্রতিনিধি

সিলেট: হামের উপসর্গে সিলেটে একদিনে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার একদিনে পাঁচ শিশুর মৃত্যু হয়। এ নিয়ে হাম ও হামের উপসর্গে সিলেটে মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

শনিবার (২৩ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে দুইজন। তাদের একজনের বাড়ি মৌলভীবাজার ও অন্যজনের সুনামগঞ্জ।

একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। তাদের একজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ও অন্যজনের বাড়ি জেলার সদর উপজেলায়।

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ৪ জন এবং উপসর্গ নিয়ে আরও ৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৯৫ জন রোগী।

পিএস