নাটোরের লালপুরের গোপালপুরে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যের স্মারক নর্থ বেঙ্গল চিনিকলে আগামী ৩০ অক্টোবর শুক্রবার থেকে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করতে আজ শনিবার কারখানায় সফলভাবে সম্পন্ন হয়েছে ওয়াটার ট্রায়াল। চলতি মৌসুমে মিলটিতে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের উচ্চাশী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের এই আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
চিনিকল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এবারের মৌসুমে চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। টানা ১২৫ দিনব্যাপী চলবে এই মাড়াই যজ্ঞ। স্থানীয় কৃষকদের আখ চাষে নতুন করে উদ্বুদ্ধ ও আর্থিক সহায়তা দিতে এবার আখের দাম প্রতি কুইন্টাল ২৬ টাকা বাড়ানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে চিনিকল গেটে প্রতি কুইন্টাল আখের দর ৬৫১ টাকা এবং বাইরের সংগ্রাহক কেন্দ্রগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ বছর চিনিকল সংলগ্ন প্রায় ১৮ হাজার একর জমিতে আধুনিক ও উন্নত জাতের আখের আবাদ হয়েছে। অধিক ফলন ও আগাম আখ চাষে উৎসাহ দিতে ইতোমধ্যে ৫ হাজার ৪৫৪ জন চাষির মাঝে ২ কোটি ৭১ লাখ টাকার সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, মাড়াই মৌসুম শুরু করার আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে কারখানার সার্বিক পরিচ্ছন্নতা ও মেশিনারিজের সক্ষমতা নিশ্চিত করতে ওয়াটার ট্রায়াল সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর আগে গত ৯ অক্টোবর বয়লার ফায়ারিং সম্পন্ন হয়, যার বাষ্পীয় শক্তিতেই টানা পুরো মৌসুম মাড়াই কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত দিন থেকেই পুরোদমে উৎপাদন শুরু করতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি পার করছে কারখানার কর্মী ও সংশ্লিষ্টরা।
এসএইচ