নওগাঁয় পৌনে ৫ কোটি টাকার চার গ্রামীণ সড়ক কাজের উদ্বোধন

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজতর করতে চারটি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১টায় এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। প্রকল্প চারটিতে মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ১৭ টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নওগাঁ সদর উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধানে উদ্বোধনী কার্যক্রমটি শুরু হয় হাঁসাইগাড়ী ইউনিয়নের ভুতুলিয়া মোজামের বাড়ি সংলগ্ন এলাকা থেকে চকআবরশ দত্তপাড়া পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও পাকা করার মধ্য দিয়ে। ১ হাজার ৪৫০ মিটার দীর্ঘ এই প্রথম সড়কটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, উদ্বোধনের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আরও তিনটি সড়কের কাজ শুরু হচ্ছে। এর মধ্যে ভূতুলিয়া থেকে মাকনা কোমল গোটা পর্যন্ত ১ হাজার ৩৫ মিটার সড়ক উন্নয়নে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা, ভবানীনগর ব্রিজ থেকে নামা কূজাগাড়ি পর্যন্ত ১ হাজার মিটার সড়কে ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা এবং ভীমপুর বাজার থেকে সোনারপাড়া পর্যন্ত ৮৫০ মিটার সড়কে ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

নতুন সড়কগুলোর নির্মাণকাজ শেষ হলে অবহেলিত গ্রামীণ এলাকায় যাতায়াত ব্যবস্থার সুফল মিলবে। ফলে গ্রামীণ অর্থনীতি জোরদারের পাশাপাশি সার্বিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আসবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন স্থানীয় অধিবাসী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসএইচ