প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৫:২৪ পিএম
ফাইল ছবি

নাটোরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তার সঙ্গে প্রতারণা করার অভিযোগে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে (৩০)। তিনি নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে এবং সিংড়া পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অভিযুক্ত আবু হুরায়রা দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয়ে তিনি প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পরবর্তীতে তাদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) পদায়ন ও মনোনয়ন পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগের পর বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে এই অর্থ হাতিয়ে নিতেন তিনি।

পুলিশের তদন্তে আরও জানা গেছে, আবু হুরায়রা পূর্বে বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সেখানেও একই ধরনের অনিয়ম ও প্রতারণার অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বর্তমানে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকায় গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এ সংক্রান্ত একটি নতুন মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এসএইচ