আমরা কারও ‘স্কেপগোট’ হতে চাই না: জামায়াত আমির

  • মৌলভীবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি : প্রতিনিধি

মৌলভীবাজার: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদের চিফ হুইপ সংসদের শৃঙ্খলার দায়িত্বে থাকেন, অথচ তিনি তার এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবেন না, সেখানে কোনো সরকারি বরাদ্দ দেওয়া হবে না। এটা লজ্জার বিষয়! তার মানে, আগে থেকেই জনগণকে ভয় দেখানো হচ্ছে। এ রকম ভয়ভীতি এবং দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।

শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সার্কিট হাউসে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না। বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে বসানো হয়েছে। একজন দলীয় লোককে কেন আনতে হবে—এমন প্রশ্ন জনগণের।

জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমরা চাইব। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা কারও ‘স্কেপগোট’ হতে চাই না। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই। আমরা চাই, জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে, সেই ক্ষমতায় যাবে।

ডা. শফিকুর রহমান আরও জানান, তারা জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবেন না। অতীতেও তারা এভাবে নির্বাচন করেননি। আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, পুলিশের মধ্যে অনেক দায়িত্বশীল ও দেশপ্রেমিক কর্মকর্তা রয়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। তার প্রাইম ডিউটি হচ্ছে নিজের মন্ত্রণালয় লুক আফটার করা। না তিনি মাদক নিয়ন্ত্রণ করলেন, না অস্ত্র নিয়ন্ত্রণ করলেন, না তিনি সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলেন। রাষ্ট্রের আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি নেই।

সংসদে নিজেদের অবস্থান পরিষ্কার করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে থাকতে চাই। সরকারের ভালো উদ্যোগকে সমর্থন করব, তবে ভুল ও অনিয়মের সমালোচনা করতেও পিছপা হব না। 

পিএস