চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন আম কুড়াতে গিয়ে এবং অপরজন ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন।
নিহতরা হলেন- জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া এলাকার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানোয়ারা বেগম এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়া এলাকার মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি আমবাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার বাবুপুর এলাকায় বৃষ্টির মধ্যে একটি ধানখেতে যান আব্দুল মালেক। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত আব্দুল মালেকের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে।
পিএস