‘জামায়াত ছাড়ুন, নইলে ইমামতি ছাড়ুন’: বিএনপি নেতা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৬, ১০:০৮ এএম
ছবি: প্রতিনিধি

রাজনৈতিক মতাদর্শের কারণে পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. জাহিদ হাসানকে দায়িত্ব ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে। কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজেই।

বৃহস্পতিবার এ খবরের সত্যতা নিশ্চিত করেন হাফেজ মো. জাহিদ হাসান। তিনি জানান, গত সাত বছর দুই মাস ধরে চিরাপাড়া বায়তুল আমান জামে মসজিদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্পতি মসজিদ কমিটির সভাপতি ও বিএনপি নেতা এস এম আহসান কবির তাকে জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে পদত্যাগের শর্ত দেন। অন্যথায় তাকে ইমামতি ছাড়তে বলা হয়।

জাহিদ হাসান বলেন, রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ বিসর্জন দিয়ে এমন শর্ত মেনে নিতে রাজি না হওয়ায় তার ওপর চাপ সৃষ্টি করা হয়। একপর্যায়ে ২৫ আগস্ট তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেন। সম্মানজনক বিদায়ের জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েও আবেদন করেছিলেন, কিন্তু তা বিবেচনা না করে এক মাসের মধ্যে তাকে ছাড়তে বাধ্য করা হয়। তার মতে, মসজিদ কোনো রাজনৈতিক প্রতিহিংসার জায়গা হতে পারে না।

নাম প্রকাশ না করার শর্তে মসজিদ কমিটির এক সদস্য জানান, পূর্বে কোনো ইমাম বেশি দিন না টিকলেও জাহিদ হাসান দীর্ঘ সাত বছর ছিলেন। তার কাজের প্রতি সবাই সন্তুষ্ট ছিলেন। তবে বিএনপির নেতা সভাপতি থাকায় অনিয়ম সহজ করার উদ্দেশ্যে তাকে রাখতে চাননি। আরেক সদস্য ও এক মুসল্লি জানান, হুজুর চলে যাওয়ায় তারা অত্যন্ত ব্যথিত। তার সময়ে মসজিদের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং মুসল্লিরা তাকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন।

তবে অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির জানান, জাহিদ হাসানকে জামায়াতের ইউনিট সভাপতির পদ ছাড়তে বলা হয়েছিল। পদ না ছেড়ে তিনি স্বেচ্ছায় ইমামতি ছেড়েছেন। তার ইমামতি নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।

দীর্ঘদিনের কর্মস্থল ছেড়ে যাওয়ার পর ভুক্তভোগী ইমাম সব মুসল্লি ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে ইসলামের পথে অবিচল থাকার জন্য দোয়া চেয়েছেন।

এসএইচ