রাতের আঁধারে ছিঁড়ল বিএনপি প্রার্থী আজিমের নির্বাচনী পোস্টার

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

ভোটের দিনক্ষণ এখনো অনেক দূর। অথচ তার আগেই উত্তাপ ছড়াতে শুরু করেছে কুমিল্লার নাঙ্গলকোটে। রাতের আঁধারে প্রার্থীর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লায় বইছে চাপা উত্তেজনা। ঘটনাটি ঘটেছে নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে। 

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি কর্মী মো. আজিমের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পুরো এলাকা জুড়ে সাটানো পোস্টারগুলো রাতের অন্ধকারে একযোগে সরাতে দেখে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ ভোটারদের মনে।

ভুক্তভোগী প্রার্থী মো. আজিমের অভিযোগ, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এটি রাজনৈতিক প্রতিহিংসার স্পষ্ট প্রকাশ। বিগত সরকারের দীর্ঘ ১৭ বছর ধরে তিনি নানা হামলা, মামলা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। সদ্য সমাপ্ত জুলাই গণঅভ্যুত্থানেও তিনি হাজার হাজার কর্মী নিয়ে রাজপথে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। সেই ত্যাগের মূল্য হিসেবে যখন তিনি জনসেবার উদ্দেশ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, ঠিক তখনই প্রতিপক্ষ দল ও কোণঠাসা গোষ্ঠীর এই হীন চক্রান্তের শিকার হতে হলো তাকে।

ভোটারদের দৃষ্টি কাড়তে এবং রাজপথের লড়াই স্তব্ধ করে দিতেই একটি রাজনৈতিক গোষ্ঠী আড়াল থেকে এই হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হতেই এমন অগণতান্ত্রিক আচরণে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। আজিম এই ঘটনার পেছনে জড়িতদের নাম প্রকাশ না করলেও দেশবাসীর কাছে বিচার চেয়েছেন। একই সাথে প্রশাসন যেন ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনে, সেই দাবিও জানিয়েছেন তিনি।

নির্বাচনী মাঠে প্রচারণার কাগজ ছিঁড়ে হয়তো ছবি ঢেকে দেওয়া যায়, কিন্তু রাজপথের লড়াই আর মানুষের ভালোবাসা তো আর পোস্টারের কাগজের ওপর আটকে থাকে না। নাঙ্গলকোটের এই রাজনীতি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষা।

এসএইচ