ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবার ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কৈখালী গ্রামের বান্দাঘাটা থেকে কৈখালী বাজার সড়কের পাশে পশ্চিম আউরা গ্রামের মো. মাজেদুল হাসান মনি একটি ফলের বাগান গড়ে তুলেছিলেন। ঢাকায় বসবাসকারী মাজেদুল ওই ৪৫ শতক জমিতে সুপারি, রেন্ডি, আম, জাম, মালটা, আমড়া, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক ফলজ ও বনজ গাছ রোপণ করেছিলেন।
অভিযোগ রয়েছে, কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের মো. জামাল মুন্সি, তাঁর বড় ভাই জাকির মুন্সি ও জসিম মুন্সিসহ কয়েকজন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে শনিবার সকালে দলবল নিয়ে বাগানের সব গাছ কেটে ফেলেন।
বাগানের দেখভালের দায়িত্বে থাকা ওবায়দুল মুন্সি জানান, মালিক ঢাকায় থাকায় তিনি বাগান দেখাশোনা করেন। শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন বাগানের গাছগুলো কেটে ফেলেন। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাঁকে খুন-জখমের হুমকি দেওয়া হয়। পরে বাধ্য হয়ে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জমির মালিক মো. মাজেদুল হাসান মনি ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁর অনুপস্থিতিতে পূর্বশত্রুতার জেরে বাগানের তিন শতাধিক গাছ কেটে ধ্বংস করা হয়েছে। তিনি এলাকায় ফিরে এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেবেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ