পাবনার জোড়া খুন, ৪৫ ঘণ্টা পরেও নেই কোনো গ্রেপ্তার

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার ৪৫ ঘণ্টা পর শনিবার বিকেল চারটা ১০ মিনিটে নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় মামলাটি করেন।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

তবে ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের কোনো রহস্য বা সূত্র উন্মোচিত হয়েছে কি না জানতে চাইলে প্রদীপ কুমার সাহা জানান, এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না, তবে তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পুষ্পপাড়া হাটে প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও হাট ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) এবং তাঁর ভাগ্নে আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৫০)। নিহত দুজনই ধর্মগ্রাম এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী ও তাঁর ভাগ্নে রিপন হাটের পাশে নিজেদের কার্যালয়ে বসে নাস্তা করছিলেন। এ সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত এসে তাঁদের ওপর গুলি বর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএইচ