পাথরঘাটায় অবৈধ ট্রলিং বোটসহ ২১ জেলে আটক

  • বরগুনা (পাথরঘাটা-তালতলী) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাঁদের কাছ থেকে ১৭টি বেহুন্দী জালসহ বিপুল পরিমাণ ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ অক্টোবর বিকেল পাঁচটায় বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ১৭টি বেহুন্দী জাল, ৪টি উইংস, ২টি ডেরিক ও ৪টি ট্রল ডোরসহ ২১ জন জেলেকে আটক করা হয়।

আটককৃত জেলে ও জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এসএইচ