এনসিপিতে যোগ দেওয়ায় কাফিকে বাসা ছাড়ার নির্দেশ, ব্র্যান্ড চুক্তি বাতিল

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:৩৯ পিএম
ফাইল ছবি

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর কাফি। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এই তরুণের দাবি, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাকে বাসা ছাড়তে বলা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানের সঙ্গে করা ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তিও বাতিল করা হয়েছে।

কাফি জানান, গত সপ্তাহে এনসিপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি নানা ধরনের চাপের মুখে পড়েন। তিনি দীর্ঘ তিন বছর ধরে যে বাসায় ভাড়া থাকছিলেন, সেই বাসার মালিকপক্ষ তাকে বাসা ছেড়ে দিতে নির্দেশ দেয়। বাড়ির মালিক একাধিক ব্যক্তি এবং তাঁদের মধ্যে কয়েকজন একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনার পরপরই আরেকটি সমস্যার মুখোমুখি হন কাফি। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করা এই কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে একটি প্রতিষ্ঠানের এক বছরের চুক্তি ছিল। তবে এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি সামনে আসার পর প্রতিষ্ঠানটি তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয় বলে তিনি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কাফি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাধার মুখে পড়ছেন তিনি।

কাফি এর আগে কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিত্বকারী হিসেবে পরিচিত ছিলেন এবং সামাজিক মাধ্যমে তার একটি অনুসারী গোষ্ঠী রয়েছে।

এসএইচ