নভেম্বরের শুরুতে মিলবে টানা ৩ দিনের ছুটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৫:৫৫ পিএম
ফাইল ছবি

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে এই সুযোগ তৈরি হচ্ছে।

সে অনুযায়ী আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ বন্ধ থাকতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

এর আগের দিন ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক সাধারণ ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও এই ছুটির সুযোগ রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে পৃথক ছুটির তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে ওই সময়ে এই ছুটি কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।


এসএইচ