আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও উৎসবমুখর করে তুলতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ যানবাহনে প্রচারণা চালানোর অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল(০৪ ফেব্রুয়ারি) বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। দেশের সকল রিটার্নিং অফিসারকে এ সংক্রান্ত নির্দেশনা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণবিধি প্রয়োগকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করার জন্য এ চিঠি জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রচারণাকে আকর্ষণীয় ও উৎসবময় করার উদ্দেশ্যে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। যানবাহনের চারপাশে ডিজিটাল প্রযুক্তি অথবা সাধারণ পচনশীল উপকরণ ব্যবহার করে এ ধরনের প্রচারণা চালানো যাবে।
তবে প্রচারকালে যান চলাচলে কোনো প্রকার বাধা সৃষ্টি করা যাবে না এবং জনসাধারণের দুর্ভোগ বা অসুবিধার উদ্রেক ঘটানো যাবে না বলে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত সম্পর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণবিধি প্রতিপালনকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
এসবিআর