সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে জুলাইয়ের পথে হাঁটবে ছাত্রজনতা: জুলাই ঐক্য

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৮:৩২ পিএম
ফাইল ছবি

জুলাই সনদ বাস্তবায়নকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে দায়ের করা রিট ও সরকারের অবৈধ পদক্ষেপ রুখতে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে কার্যক্রম চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য। আজ মঙ্গলবার (৩ মার্চ) জুলাই ঐক্যের সংগঠক মুন্সি বুরহান মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রিটে জুলাই সনদ, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অধ্যাদেশ ও সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ চ্যালেঞ্জ করা হয়েছে। এই পদক্ষেপকে বিএনপির সরকারের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করে ঐক্য। পাশাপাশি অভিযোগ করা হয়েছে, সরকারের স্পষ্ট পৃষ্ঠপোষকতায় এই রিট দায়ের করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার শুধু জুলাইয়ের উপর আঘাত করে থেমে থাকছে না, বরং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত, স্বতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ ব্যাংকে হঠাৎ মব সৃষ্টি করে গভর্নরকে পদত্যাগে বাধ্য করা, দুদকের প্রধান কমিশনারসহ অন্যান্য কমিশনারদের পদত্যাগে বাধ্য করা, প্রশাসনকে দলীয় করা-এসব কর্মকাণ্ডকে ফ্যাসিবাদী পথ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জুলাই ঐক্য দাবি করছে, সরকার সংবিধানিক ও স্বায়ত্তশাসিত সংস্থা পরিচালনায় দ্বিচারিতা করছে। সরকারের এই অসাংবিধানিক আচরণ বন্ধ না হলে জনগণ গণপ্রতিরোধের মাধ্যমে তাদের অধিকার পুনরুদ্ধার করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জুলাই শহিদদের পরিবার এখনও ক্ষতিপূরণ ও মর্যাদা পাননি, তাই সরকারকে অবিলম্বে সংস্কারের পথে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

জুলাই ঐক্য জানায়, রাষ্ট্রপতিকে বাংলাদেশ সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী অভিশংসনের মাধ্যমে বিচারকক্ষে আনা এবং সংবিধিবদ্ধ সংস্থার নেতৃত্বে নিরপেক্ষ ব্যক্তি নিয়োগের আহ্বান জানানো হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে, সরকার যদি বল প্রয়োগ করে বিদেশী সহায়তায় ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করে, তাহলে তারা আবারও জুলাইয়ে ফিরে বিপ্লবের পথে হাঁটবে এবং ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।

জুলাই ঐক্য স্পষ্ট করেছে, “সব বিদেশী রক্তচক্ষু উপেক্ষা করে জুলাইয়ের অধিকার আদায় করা হবে”।

এসএইচ