• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জ থেকে শতাধিক বাসে ঢাকা যাবেন বিএনপির নেতাকর্মীরা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:৩৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জ থেকে শতাধিক বাসে ঢাকা যাবেন বিএনপির নেতাকর্মীরা

ছবি: প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শতাধিক বাসে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, জেলা থেকে প্রায় ১২২টি বাসে নেতাকর্মীরা রাজধানীর উদ্দেশে রওনা হবেন। এ ছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আরও হাজারো নেতাকর্মী ঢাকায় যাবেন।

স্থানীয় বিএনপির সূত্র অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব গোলাম জাকারিয়ার উদ্যোগে ৪টি বাস, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠনের উদ্যোগে ২টি বাস, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের উদ্যোগে ৬টি বাস, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও মাসউদা আফরোজা হক শুচির নেতৃত্বে ৭টি বাস, জেলা যুবদলের নেতৃত্বে ৩টি বাস এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞার নেতৃত্বে ১০০টি বাস ঢাকার উদ্দেশে রওনা দেবে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিনুল ইসলামের অনুসারী নেতাকর্মীরা রাজশাহী থেকে ট্রেনে ঢাকায় যাবেন বলে জানা গেছে। পাশাপাশি আরও অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে বাস, মাইক্রোবাস ও ট্রেনে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু বলেন, অধ্যাপক শাহজাহান মিঞার নেতৃত্বে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন বাস, মাইক্রোবাস ও ট্রেনে করে চার হাজারের বেশি নেতাকর্মী অংশ নেবেন।

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজা হক শুচি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনেতা তারেক রহমান দেশে ফিরছেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। দলের নির্দেশনা অনুযায়ী স্বল্প পরিসরে কিছু নেতাকর্মী নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের ভেতরে সৃষ্ট নানা অরাজকতার অবসান হবে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশ নিরাপদ পথে এগোবে।

জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী জেলা বিএনপির পক্ষ থেকে সীমিত পরিসরে নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে রাজধানীতে যাবেন। তারেক রহমান দেশে ফিরলে ভোটের মাঠ আরও চাঙ্গা হবে এবং তিনি দলকে আরও সুসংগঠিতভাবে নেতৃত্ব দিতে পারবেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!