• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

 দীর্ঘ এক যুগ ধরে নির্বাচন বন্ধ, মানববন্ধনে প্রশাসক নিয়োগের দাবি


চুয়াডাঙ্গা প্রতিনিধি: মার্চ ৪, ২০২৬, ০৫:৪৯ পিএম
 দীর্ঘ এক যুগ ধরে নির্বাচন বন্ধ, মানববন্ধনে প্রশাসক নিয়োগের দাবি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে দীর্ঘ এক যুগ ধরে নির্বাচন বন্ধ থাকার প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচন ও প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ইউনিয়নবাসীর আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ডে লিখেন—“রিটের নামে প্রহসন বন্ধ করো” এবং “হাউলী ইউনিয়ন পরিষদে অবিলম্বে নির্বাচন চাই, প্রশাসক নিয়োগ চাই।” বক্তারা অভিযোগ করেন, সীমানা সংক্রান্ত জটিলতা এবং একের পর এক রিট আবেদনের কারণে প্রায় এক দশক ধরে ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

৫ আগস্টের পর কোনো মামলা না থাকলেও সম্প্রতি চারজন ইউপি সদস্য হাইকোর্টে রিট দায়ের করে প্রশাসক নিয়োগ ও নির্বাচন কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন। এর ফলে ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উপজেলা প্রশাসনের প্রশাসক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে এবং নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হাউলী ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, শাহ্ তাজ আলম, হুমাউন কবির ডাবলু ও রজব আলী সুমন। তারা দাবি জানান, মামলা প্রত্যাহার করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ইউনিয়নবাসীও দীর্ঘদিন নির্বাচিত প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হওয়ার কারণে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!