• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


মাদারীপুর প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:০৮ পিএম
নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ছবি : প্রতিনিধি

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের একটি আন্ডারপাসের নিচে থেকে শিবচর হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত কৃষিবিদের নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি আন্তর্জাতিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র (সিআইএমএমওয়াইটি)-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি বেলা ১১টার দিকে ঢাকার গুলশান এলাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি শাখায় পে-অর্ডার জমা দিতে গিয়ে শহীদুল ইসলাম নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ওইদিনই তার শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ বলেন, তিন দিন ধরে নিখোঁজ থাকার পাশাপাশি মোবাইল ফোন বন্ধ থাকায় আমরা জিডি করি। এখন হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের খবরে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

পিএস
 

Wordbridge School
Link copied!