ফাইল ছবি
ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং এটি হবে জনগণের বন্ধু।
শনিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এ ব্যাচে প্রশিক্ষণ শেষে ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরিতে যোগ দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও সেবাধর্মী পুলিশ বাহিনী গঠনে কাজ করছে সরকার। পুলিশকে মানবিক ও জনগণবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলাই লক্ষ্য, যাতে তারা নিরপেক্ষভাবে সেবা দিতে পারে।
পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়েও ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বর্তমান পোশাকে বাহিনীর সন্তুষ্টি নেই। ঐতিহ্যবাহী কোনো পোশাক ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যাতে বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা যায়। এর সুফল শিগগিরই দৃশ্যমান হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এমন একটি পুলিশ বাহিনী চায়, যারা ক্ষমতার অপব্যবহার করবে না; বরং অপরাধীর মনে ভীতি ও নিরপরাধ মানুষের মনে নিরাপত্তাবোধ সৃষ্টি করবে।
এসএইচ







































