ফাইল ছবি
র্যাবের ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মাধ্যমে তিনি র্যাব ফোর্সেসের নেতৃত্বে দায়িত্ব পালন শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
অতিঃ আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের কার্যক্রমে যোগ দেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার দীর্ঘ চাকুরি জীবনে তিনি ৪ এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পিবিআই হেডকোয়ার্টারেও প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
পদোন্নতির পর তিনি রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেন। তার অনন্য সেবার স্বীকৃতিস্বরূপ তিনি “বাংলাদেশ পুলিশ মেডেল” (বিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন।
মোঃ আহসান হাবীব পলাশ বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রী অর্জন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
এসএইচ







































