• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সংসদে শব্দযন্ত্র বিভ্রাট, প্রযুক্তিগত সমাধানে বুয়েট বিশেষজ্ঞরা


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬, ০৪:৩৯ পিএম
সংসদে শব্দযন্ত্র বিভ্রাট, প্রযুক্তিগত সমাধানে বুয়েট বিশেষজ্ঞরা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে গুরুতর গোলযোগ দেখা দেওয়ায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ায় সংসদে তৎক্ষণাৎ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির লক্ষ্য দুই দিক খতিয়ে দেখা-ঘটনাটির পেছনে কোনো অন্তর্ঘাত ছিল কি না এবং সাউন্ড সিস্টেমের ত্রুটি কোথায়, তা কীভাবে সমাধান করা যায়।

শনিবার সংসদ কমিটির বৈঠকে চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে নেতৃত্ব দিচ্ছেন সার্জেন্ট অ্যাট আর্মস। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞ এনে সাউন্ড সিস্টেমের প্রকৃত ত্রুটি নির্ণয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম অধিবেশনের দিন হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে বিরোধীদলীয় সদস্যদের অসন্তোষ দেখা দেয়। চিফ হুইপ স্বীকার করেছেন, বড় আকারের হেডফোন ব্যবহার সংসদ সদস্যদের জন্য অস্বস্তিকর এবং এটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা হয়। মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের সংস্কার, হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষের সংস্কার, নিরাপত্তা জোরদার এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টার আধুনিকায়নের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে স্পিকারের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ এবং দেশের কল্যাণ কামনায় মোনাজাতও করা হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!