ছবি : প্রতিনিধি
দিনাজপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ১৭ মাস আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই প্লান করে রেখেছে কাকে ভোট দিতে হবে আর কাকে ভোট দিতে হবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে যায়নি। আপনাদের রঙিন কার্ড দেখে বাংলাদেশের মানুষ সঠিক জায়গায় ভোট দিতে ভুলবে না। গত ১৭ মাসে আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই প্লান করে রেখেছে কাকে ভোট দিতে হবে আর কাকে ভোট দিতে হবে না।
এনসিপির এই নেতা বলেন, আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পট করেছি, এই জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদসহ সর্বশেষ শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা হবে। আমরা বলেছি, সীমান্তে আগ্রাসনের শিকার ফেলানীসহ সকল বাংলাদেশি হত্যার বিচার করা হবে। আর কেউ বাংলাদেশীদেরকে গুলি করে হত্যা করতে পারবে না। সীমান্তে যদি আর একটা গুলি হয় আমরা দুইটা গুলি ছুড়ে তার জবাব দেবো।
এ সময় দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোট ভোট দখল করতে চায় তাদের জন্য ছাত্রশক্তি- ছাত্রশিবিরের ভাইয়েরাই যথেষ্ট।
এনসিপির যুগ্ম সমন্বয়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুব শক্তির আহবায়ক তরিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, দিনাজপুর ৫ আসনের ১১ দলের জোট প্রার্থী ডাক্তার আব্দুল আহাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পিএস







































