• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ: জাবের ‘গুলিবিদ্ধ’ দাবি অস্বীকার করল পুলিশ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৫৮ পিএম
ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ: জাবের ‘গুলিবিদ্ধ’ দাবি অস্বীকার করল পুলিশ

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লেও পুলিশ তা সম্পূর্ণ অস্বীকার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বার্তায় জানিয়েছে, যমুনা ও আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি।

পুলিশের ভাষ্য অনুসারে, প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ। কিন্তু শুক্রবার বিভিন্ন দাবিতে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অমান্য করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

‘সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে’ পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে জানিয়ে বার্তায় বলা হয়েছে, “ওই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়।”

পুলিশ দাবি করেছে, এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়েছেন। পুলিশ সকলকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও একই বক্তব্য এসেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি।

ইনকিলাব মঞ্চ শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা যমুনার সামনে অবস্থান নেন। শুক্রবার জুমার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েতের ডাক দেয় সংগঠনটি। বিকেল ৪টার দিকে সেখান থেকে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত।
পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে জাবেরের গুলিবিদ্ধ হওয়ার খবর প্রচারিত হলে বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হয়। পরে পুলিশ তা অস্বীকার করে বার্তা পাঠায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, "জাবেরের বাঁ পায়ের হাঁটুর উপরে জখম রয়েছে। এ ধরনের আঘাত নিয়ে তিন-চারজন চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে ২২-২৩ জন হাসপাতালে এসেছেন। আহতদের মধ্যে রয়েছেন ফাতিমা তাসনিম জুমা, সালাউদ্দিন আম্মারসহ অনেকে।"

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। আহতদের মধ্যে টিয়ারগ্যাসের কারণে শ্বাসকষ্ট, লাঠির আঘাতে পেশিতে চোট এবং কয়েকজনের শরীরে কাটা-ছেঁড়া রয়েছে। কাউকেই ভর্তির মতো গুরুতর আঘাত নেই; চিকিৎসা দিয়ে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন।

এসবিআর

Wordbridge School
Link copied!