ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রংপুর বিভাগের ৩৩টি আসনে চার হাজার ৫৪৬টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ৫৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে সিসিটিভি বসানো হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, ভিজিল্যান্স টিম ও স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছে।
চরাঞ্চল, যোগাযোগবিচ্ছিন্ন এলাকা এবং কোনো কোনো প্রার্থীর বাড়ির নিকটবর্তী কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি ৩১৫টি কেন্দ্রে পুলিশের কাছে বডিওর্ন ক্যামেরা থাকবে, যা ঊর্ধ্বতন পর্যায় থেকে লাইভ মনিটরিং করা হবে। নির্বাচনে পুলিশ ছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
ডিআইজি কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভাগের আট জেলার ৩৩টি আসনে ৩০টি পৌরসভা ও ৫৩৩টি ইউনিয়ন রয়েছে। এক কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৪৫৬ ভোটারের জন্য চার হাজার ৫৪৬টি ভোটকেন্দ্র করা হয়েছে। এর মধ্যে ৮২৭টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। অতীতে কেন্দ্র দখলের চেষ্টা, সংঘর্ষ, ভয়ভীতি ও প্রভাব বিস্তারের অভিযোগ থাকায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনের ৬৬৯টি কেন্দ্রের মধ্যে ২১৬টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ১২১টি এবং আট উপজেলায় ৯৫টি কেন্দ্র রয়েছে। জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, কেন্দ্রের বাইরে ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সাব-সেক্টর ও সেক্টর ভাগ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নির্বাচনী দায়িত্বে ৩০টি মোবাইল পেট্রোল টিম ও ৭৮টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স কাজ করবে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, রংপুর জেলার ছয়টি আসনে মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন। এসব আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের কমান্ডো গ্রুপ। প্রত্যন্ত এলাকায় বিশৃঙ্খলা হলে হেলি ড্রপের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া রংপুর সেক্টরের অধীনে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় ২৬টি বেজ ক্যাম্পে ৭৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান জানান, বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট, তল্লাশি, ডগ স্কোয়াড ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছে।
এসএইচ







































