ছবি: সংগৃহীত
ঢাকা: রাজধানীর ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই ঘটনা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, আজ আমার নির্বাচনী আসন ঢাকা-১৫-এর দাঁড়িপাল্লার ১৩টি বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামাতে চায়, তারা ভুলে যাচ্ছে এই জাতি নানা প্রতিকূলতা পেরিয়ে এসেছে।
তিনি আরও বলেন, পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গেছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, ভয়ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিফলন আগামীকালের ভোটে ফুটে উঠবে, ইনশাআল্লাহ।
এসএইচ







































