ছবি : প্রতিনিধি
বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৬ আসনের প্রার্থী ফয়জুল করিম বলেছেন, ভোটগ্রহণের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও ফলাফল ঘোষণার আগে কারচুপির আশঙ্কা থেকেই যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করিম বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। আজ সেই সুযোগ এসেছে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ভোটাররা যাকে পছন্দ করবেন, তাকেই ভোট দেবেন এটাই গণতন্ত্রের মূল কথা। কিন্তু আমরা চাই না, ভোটের প্রকৃত ফলাফল পাল্টে অন্যভাবে প্রকাশ করা হোক। জনগণের রায় যেন সঠিকভাবে প্রতিফলিত হয়।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তিনি সতর্ক করে বলেন, বাহ্যিকভাবে পরিস্থিতি ভালো মনে হলেও ভেতরে ভিন্ন কিছু ঘটার সম্ভাবনা থাকতে পারে। তাই চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত থাকার সুযোগ নেই।
তার মতে, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হলে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং জনগণের ভোটের প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে।
পিএস







































