ছবি : প্রতিনিধি
কুয়াকাটা (পটুয়াখালী): পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় ভোটগ্রহণ চলাকালীন সময়ে একটি ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কেন্দ্রটিতে কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবকের নাম বেলায়েত (৪৬)। তিনি কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শরিফপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মজিদ। ঘটনাটি ঘটে কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালীন সময়ে বেলায়েত গোপন কক্ষে প্রবেশ করে মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে এলে তাকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করে।
এ বিষয়ে ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের পিজাটিং অফিসার ও তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার ও ছবি তোলা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর কেন্দ্রে সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
পিএস







































