ছবি : সংগৃহীত
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভোট দিতে ভোট কেন্দ্রে প্রবেশ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, টানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে আজ। একটি আসনের (শেরপুর-৩) প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন।
এ আসনের আওতায় গুলশান, বনানী নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে।
পিএস







































