• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে এজলাসে ভাঙচুরের অভিযোগে আইনজীবী সমিতির সভাপতি আটক


বরিশাল অফিস ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:৫৬ পিএম
বরিশালে এজলাসে ভাঙচুরের অভিযোগে আইনজীবী সমিতির সভাপতি আটক

ছবি: প্রতিনিধি

বরিশালে আদালতের এজলাসে ভাঙচুর ও বিচারকার্যে বাধা দেওয়ার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

ঘটনার পর আদালতপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এজলাসে ভাঙচুরের প্রতিবাদে বিচারকেরা সাময়িকভাবে বিচার কার্যক্রম বন্ধ রাখেন। পুরো আদালত এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অন্যদিকে সভাপতিকে আটকের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির সদস্যরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং আদালত বর্জনের ঘোষণা দেন।

বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, আদালতের কার্যক্রম শুরু হওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতে প্রবেশ করেন। এ সময় বিচারক এজলাস ত্যাগ করেন। পরে আইনজীবী সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদে তারা আদালত বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগ–এর সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের জামিনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তিনি গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

ইউনুসের জামিনের প্রতিবাদে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আইনজীবীরা মহানগর আদালত বর্জন করেন এবং সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও জামিন বাতিলের দাবি জানান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে কিছু আইনজীবী হট্টগোল করেন এবং বিচার কার্যক্রমে বাধা দেন। আদালতকক্ষে থাকা চেয়ার-টেবিল উল্টে দেওয়া ও চিৎকার-চেঁচামেচির অভিযোগও ওঠে। ওই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয় সাদিকুর রহমান লিংকনের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!