ছবি: প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে যাকাতের অর্থায়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স ফারুক অ্যান্ড সন্স। পবিত্র রমজানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দেড় হাজার পরিবারের হাতে চাল ও আলু তুলে দেওয়া হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেসামিয়া মাদ্রাসার পাশের প্রতিষ্ঠানটির গুদামে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যাকাত তহবিল থেকে নির্বাচিত অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স ফারুক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. ফারুক আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহা সিমেন্টের রাজশাহী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আল মারুফ। বিশেষ অতিথি ছিলেন জোড়গাছি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল মতিন এবং নবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসসির। এছাড়া উপস্থিত ছিলেন মো. নাহার আলী, মো. মতালেব আলী, মো. নাজির আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক সূত্রে জানা যায়, মোট ১,৫০০ পরিবারের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে চাল এবং ৫ কেজি করে আলু বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে পূর্বনির্ধারিত তালিকার ভিত্তিতে উপকারভোগীদের মাঝে সামগ্রী হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ফারুক আলী বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতি বছরই আমরা যাকাতের অর্থ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী রোজিনা খাতুন। তিনি বলেন, প্রতি বছর আমরা এই সহায়তা পাই। এতে আমাদের অনেক উপকার হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করে। বিশেষ করে রমজানকে সামনে রেখে এমন সহায়তা নিম্নআয়ের পরিবারের জন্য স্বস্তি বয়ে আনে।
এসএইচ


































-20260220112630.jpg)




