• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা–বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২


বরিশাল ব্যুরো মার্চ ৬, ২০২৬, ০১:৫১ পিএম
ঢাকা–বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

ছবি: প্রতিনিধি

ঢাকা–বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনাগামী যাত্রীবাহী বাস ‘টেকেরহাট এক্সপ্রেস’-এর সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা পাঁচজন গুরুতর আহত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাসের চালক মো. রিপন ও যাত্রী মো. ইলিয়াস হোসেন (৫৮)-কে মৃত ঘোষণা করেন।

নিহত ইলিয়াস হোসেন রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা আ. ওয়াহিদের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সড়ক থেকে যান দুটি সরিয়ে নেওয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!