• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কারখানায় ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  মার্চ ১৭, ২০২৬, ০৪:২৯ পিএম
কারখানায় ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

ছবি : প্রতিনিধি

পাবনা: পাবনার ঈশ্বরদীতে একটি কারখানায় ইফতারের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রমজান মাস উপলক্ষে কারখানা থেকে সরবরাহ করা ইফতার খাওয়ার পর শ্রমিকদের অনেকের বমি, পেট ব্যথা, মাথা ঘোরাসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়। পরে তাদের মধ্যে ২৬ জনকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাশুড়িয়া এলাকার একটি কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য বিডি ক্রিয়েশন কোম্পানির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল। ইফতার খাওয়ার পরপরই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে বসে পড়েন, কেউ আবার বমি ও তীব্র পেট ব্যথায় কাতরাতে থাকেন। এ সময় সহকর্মীরা দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

অসুস্থ শ্রমিক জমেলা খাতুন বলেন, “ইফতার খাওয়ার পর হঠাৎ বমি বমি ভাব শুরু হয়। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যাই। পরে সহকর্মীরা আমাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আমার অনেক বমি হয়েছে এবং পেটে তীব্র ব্যথা অনুভব করছি। আমার মনে হয় ইফতারে ভেজাল খাবার ছিল।”

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে ঘটনার সঠিক কারণ জানতে খাদ্য নমুনা পরীক্ষা করা প্রয়োজন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজখবর নিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পিএস

Wordbridge School
Link copied!