• ঢাকা
  • শনিবার, ২১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বৃষ্টিস্নাত ভোরে বরিশালে ঈদ জামাত, ভোগান্তির মাঝেও উৎসবমুখর পরিবেশ


বরিশাল প্রতিনিধি   মার্চ ২১, ২০২৬, ১১:২০ এএম
বৃষ্টিস্নাত ভোরে বরিশালে ঈদ জামাত, ভোগান্তির মাঝেও উৎসবমুখর পরিবেশ

ছবি : প্রতিনিধি

বরিশাল: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘলা আকাশের মধ্যেই বরিশালে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। কিছুটা ভোগান্তি থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ঈদের প্রধান জামাত।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

ঈদের জামাতে অংশ নেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এবারই প্রথম কেন্দ্রীয় ঈদগাহে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়। এতে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়, যা ঈদের আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে।

সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মুসল্লিদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়। অনেকেই ছাতা হাতে ঈদগাহ ও মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। কোথাও কোথাও ঈদগাহে জামাত আয়োজনের পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে তা মসজিদে স্থানান্তর করা হয়।

জেলার এক হাজারের বেশি মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নগরের বিভিন্ন মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চরমোনাই দরবার শরিফ, নেছারাবাদ ঈদগাহ ময়দান এবং গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গৌরনদী সরকারি কলেজ মসজিদে ঈদের জামাতে অংশ নেন নিজ নির্বাচনী এলাকার মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করছেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

পিএস

Wordbridge School
Link copied!