ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম: রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রেলওয়ের সেবার মান বাড়াতে এবং টিকিট কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, বর্তমানে রেলওয়ের আধুনিকায়নের কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ট্রেনে ওয়াইফাই সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্তমানে পরীক্ষামূলকভাবে তিনটি ট্রেনে চালু আছে এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে সব ট্রেনেই এই সেবা নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ট্রেনকে নিরাপদ বাহন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চান ট্রেন যেন সাধারণ মানুষের সামর্থের মধ্যে একটি জনপ্রিয় বাহন হয়। মানুষের দোরগোড়ায় রেলসেবা পৌঁছে দিতে এবং সেবার পরিধি আরও বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে।
টিকিট বিক্রির সফটওয়্যারে ত্রুটি এবং কালোবাজারি নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এ নিয়ে আমরা রেল মন্ত্রণালয়ে বৈঠক করেছি। সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়া এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে। এ অবস্থা কাটাতে টিকিটিং ব্যবস্থা আরও স্বচ্ছ ও কার্যকর করতে কাজ চলছে।
তিনি আরও জানান, টিকিট নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে, সেজন্য সফটওয়্যার উন্নত করার এবং সিস্টেম ডেভেলপ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে টিকিট কালোবাজারি বা কোনো ধরনের দুর্নীতির সুযোগ না থাকে।
পিএস







































