ছবি: প্রতিনিধি
লালমনিরহাটে স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীককে আমন্ত্রণ না জানানোর ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে। স্বাধীনতার ৫৪তম বর্ষে জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা নিজ বাসভবনে অবস্থান করেন।
বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সময় শহরের বাসভবনে অবস্থান করছিলেন আজিজুল হক। পরে সাংবাদিকরা তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তিনি জানান, স্বাধীনতার পর থেকে প্রতি বছর রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেও এবার কোনো আমন্ত্রণ পাননি, যা তাঁর জন্য কষ্টদায়ক।
সকালে কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও পুলিশ সুপার আসাদুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্টেডিয়ামে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। তবে এসব আয়োজনে উপস্থিত ছিলেন না বীর প্রতীক আজিজুল হক।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সমালোচনা দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। তাদের মতে, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, আমন্ত্রণের বিষয়টি সংশ্লিষ্টদের মাধ্যমে সমন্বয় করা হয়ে থাকে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।
এসএইচ







































