ছবি: প্রতিনিধি
নীলফামারীর ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্যের নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার অনুষ্ঠান ত্যাগ করেন।
বৃহস্পতিবার সকালে ডোমার হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি। একপর্যায়ে তিনি অনুষ্ঠান ত্যাগ করলে বিএনপির কিছু নেতাকর্মী তাকে উদ্দেশ করে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ বলে স্লোগান দেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
তবে অভিযোগ অস্বীকার করে সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন বলেন, উপজেলা প্রশাসনের দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম উল্লেখ ছিল না। তারপরও সংসদ সদস্যকে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ করা হয়েছিল এবং তিনি আসন গ্রহণও করেন। তিনি আরও বলেন, কিছু দুষ্কৃতকারী পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে অশোভন ভাষা ব্যবহার করেন।
সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে এ ধরনের রাষ্ট্রীয় আয়োজনে দলীয় ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, অনুষ্ঠানে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসএইচ







































