ফাইল ছবি
র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছে হাভিয়ের কাবরেরার দল। স্বাগতিক ভিয়েতনামের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে হামজা চৌধুরী-তারেক কাজীদের।
ম্যাচের তিনটি গোলই প্রথমার্ধে হজম করে বাংলাদেশ। একাদশে পাঁচ প্রবাসী ফুটবলার থাকলেও মাঠে তার ইতিবাচক প্রভাব দেখা যায়নি। শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে ভিয়েতনাম। অষ্টম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের দল। কর্নার থেকে আসা বলে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান জায়ান আহমেদ।
১৮ মিনিটে ব্যবধান বাড়ান ফাম চুন মান। কর্নার থেকে ভেসে আসা বলে হেডে গোল করেন তিনি। ৩১ মিনিটে ভিয়েতনামের আক্রমণ দারুণভাবে ঠেকান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে ৩৮ মিনিটে নগুয়েন হাই লংয়ের নিচু শটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ।
বিরতির পর রক্ষণ শক্ত করতে ফরমেশন বদলে ৫-৩-২-এ খেলে বাংলাদেশ। এতে আর গোল না খেলেও আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেনি দলটি। ৫২ ও ৬৯ মিনিটে ভিয়েতনামের দুটি ভালো সুযোগ রুখে দেন গোলরক্ষক শ্রাবণ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা শাহরিয়ার ইমন একটি শট নিলেও তা ব্লক হয়ে যায়। শেষ দিকে দুটি কর্নার পেলেও সেখান থেকে গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।
ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও খুব বেশি সমৃদ্ধ নয়। চার দেখায় দুই জয় ভিয়েতনামের, বাকি দুটি ড্র। এশিয়ান কাপ বাছাইপর্বে পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্র ও দুই হারে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে কাবরেরার শিষ্যরা।
এসএইচ







































