ছবি : প্রতিনিধি
রাজশাহী: জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে নতুন উদ্যোগ হিসেবে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় নগরীর কুমারপাড়া এলাকায় গুলগোফুর ফিলিং স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
নতুন এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ করা হবে। এর আওতায় একজন মোটরসাইকেল চালক প্রতি ৫ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা কারচালকরা ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের হয়রানি কমানো এবং জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অপব্যবহার রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে স্থানীয় গ্রাহকদের মধ্যেও এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে।
এছাড়া কৃষকদের জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহারের জন্য ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে। অ্যাপটির মাধ্যমে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে সহজেই জ্বালানি সরবরাহ করতে পারবেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আলাদা করে কোনো ধরনের রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না, যা ব্যবহারকারীদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুত করেছে।
পিএস







































