• ঢাকা
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মালয়েশিয়াগামী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল সরকার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬, ০৪:৩১ পিএম
মালয়েশিয়াগামী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল সরকার

ফাইল ছবি

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, স্বল্প খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর জন্য মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে। শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশটিকে আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন আন্তরিক, তেমনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দিক থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

শ্রমিক পাঠানো কবে শুরু হবে-এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং যত দ্রুত সম্ভব তা চালু করার চেষ্টা চলছে।

মামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যৌথ বিবৃতিতে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। অপরাধে জড়িতদের আইনি প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করা হবে, পাশাপাশি নির্দোষদের ন্যায়বিচারও নিশ্চিত করা হবে।

‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো নতুন সিন্ডিকেট নয়। মালয়েশিয়া সব শ্রমপ্রেরণকারী দেশের ক্ষেত্রেই নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী এজেন্সি নির্বাচন করে। বাংলাদেশের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলোকেই প্রাধান্য দেওয়া হবে।

তিনি আরও বলেন, অভিবাসন ব্যয় কমানো এবং বেশি সংখ্যক মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে।

এসএইচ 

Link copied!