ছবি: প্রতিনিধি
বরিশাল-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ব্যবসায়ী সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুর ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির সাগর ও সোহেল হোসেন বরিশাল থেকে মোটরসাইকেলে ঝালকাঠি ফিরছিলেন। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হুমায়ুন কবির সাগর নিহত হন এবং চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএইচ







































