ছবি: প্রতিনিধি
জুলাই গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। রোববার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল হাকিম, জেলা শহর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি জাহিদ হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে জনগণের একটি ঐতিহাসিক অর্জন। তবে গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব ও টালবাহানার অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, একটি মহল নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এসএইচ







































