• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা


পিরোজপুর প্রতিনিধি এপ্রিল ১৩, ২০২৬, ১০:৫২ এএম
পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

পিরোজপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সদর উপজেলার হুলারহাট এলাকায় অবস্থিত ‘রাহি ব্রিকস’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইট পোড়ানোর কাজে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের ক্ষতি রোধে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। 

এছাড়া একই উপজেলার ‘মেসার্স অভি ব্রিকস’-কে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(১), ৫(২) ও ১৫(১) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ ও ফারদীন মনীর অর্ণব। অভিযানে পরিবেশ অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক নিখিল চন্দ্র ঢালী, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে কেউ ইটভাটা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এম

Link copied!