• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অবৈধভাবে মজুদ করা ৩ হাজার লিটার জ্বালানি জব্দ


বরিশাল প্রতিনিধি এপ্রিল ১৩, ২০২৬, ০৩:০৯ পিএম
অবৈধভাবে মজুদ করা ৩ হাজার লিটার জ্বালানি জব্দ

ছবি : প্রতিনিধি

বরিশাল: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা ও বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটের পূর্ব পাশ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মেসার্স হাওলাদার স্টোর ও সিকদার স্টোর নামের দুইটি প্রতিষ্ঠানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট ডিলার আ. কুদ্দুস হাওলাদার ও মো. সাইদুর রহমান শিকদারকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী মোট ৮ হাজার টাকা (৫ হাজার ও ৩ হাজার টাকা) জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ লিটার ডিজেল ও ৬০০ লিটার পেট্রোলসহ মোট ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল নিলামের মাধ্যমে স্থানীয় ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট ও আলফা চালকদের কাছে বিক্রি করা হয়। এতে প্রাপ্ত ৩ লাখ ৯ হাজার ৬০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, ওই দুই ডিলার বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকার একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ করে এনে ফেরিঘাট সংলগ্ন দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন।

অভিযানকালে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের সদস্য এবং বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!